মৃত্যুঞ্জয় হালদারের
ছবি : সুপর্ণা ঘোষ
আর্ট ডিরেকশন : সুমিত দাস
আষাঢ় মাসে রথের মেলা
সদলবলে বিকেলবেলা
যেতাম সেজেগুজে।
অনেকটা পথ পায়ে হেঁটে
অনেক সময় যেত কেটে
মেলা পেলাম খুঁজে।।
রথের পরে জগন্নাথ
বাড়িয়ে যেন দুটি হাত
বলছে সবাই আয়।
রথের রশি শক্ত করে
ধরনা সব ভক্তিভরে
টান একটু আমায়।।
হরে কৃষ্ণ হরে রাম
এইতো মধুর পুণ্য ধাম
উঠছে ভরে মন।
ভিড়ে ঠাসা ভক্ত সব
করছে ভারি কলরব
এইযে শুভক্ষণ।।
পথের পাশে দোকান কত
কেনাবেচায় সবাই রত
চলছে ঠেলাঠেলি।
এরই মাঝে শব্দ সুরে
কেউবা যাবে কাছে দূরে
এবং বেলাবেলি।।
জিলিপি আর পাঁপড় ভাজা
জিভে গজা খাস্তা খাজা
কটকটি কদমায়।
চিটবাদাম আর ভাজা মটর
ডুগডুগিটা ফটর ফটর
কান মাথা যে খায়।।
কোন খোকাটা কাঁদছে ভারি
বেলুনটা চাই রংবাহারি
বাঁশির সাথে ঢোল।
চাইছে খুকি কাঁচের চুড়ি
দেখতে মিঠে নেইকো জুড়ি
করছে বড় গোল।।
এমনি করে আঁধার হলে
রঙিন আলো উঠল জ্বলে
ভীড় হয়ে যায় কম।
রথের মেলা ভাঙলো ধীরে
যে যার ঘরে গেল ফিরে
ফুরিয়ে গেল দম।।









