গোবিন্দ মোদক-এর কলমে
অলঙ্করণে – সুমিত দাস
লাল এসে নীলকে ডেকে বলল, – ওরে ভাই !
তোর সাথে একত্র বাস ? সংবিধানেই নাই !!
মনে আছে বছর তিনেক আগের সেই কথা ?
খেলার মাঠে ল্যাং মেরে দিয়েছিলি ব্যথা !!
সেই থেকে দর্শক আমায় দেখে করুণ চোখে !
আমার ওপর আস্থাটা নেই বলে সকল লোকে !!
তোর চাইতে সবুজ ভালো মনে মনে জানি !
ক্ষতি আমার করেনিকো — একথাটা মানি !!
যদিও তার সাথে আমার বন্ধুত্বটা নেই !
তবুও জানি বিপদে পড়লে আমায় বাঁচাবেই !!
জানিসই তো অস্থির সময়, টলোমলো মাঠ !
টিঁকে থাকাই কঠিন ব্যাপার ! তায় ঠাটবাট !!
তাই ভেবেছি রংটা একটু করে নিয়ে ফিকে !
নতুন চালে খেলতে হবে, থাকতে হবে টিঁকে !!
তাই বলে তোর সঙ্গে ….. ? নৈব নৈব চ !
ছুঁ-মন্তর ছুঁড়ে দিলাম —— যা হবি তা হ !!
* * * * * *
নদীয়া জেলার কৃষ্ণনগরের রাধানগর এলাকার বাসিন্দা গোবিন্দ মোদক দীর্ঘদিনের সাহিত্যকর্মী। পত্রিকা সম্পাদক হিসেবে সুপরিচিত। নানা ধরণের কাগজে লিখেছেন। কবিতা-ছড়া তাঁর লেখালিখির প্ৰিয় বিষয়।









