রেজাউল করিম শেখ-এর কলমে
অলঙ্করণে – সুমিত দাস
মাঝে মাঝে খুব করে মরে যেতে ইচ্ছে করে
বোধের শূন্য জানালায় একটা বুলবুলি-
রোজ সন্ধ্যার পর পুচ্ছ নাচিয়ে মিঁহি স্বরে
ডেকে ডেকে বলে যেতে থাকে;
মাইরি- খুব করে মরে যেতে ইচ্ছে করে।
একটা কুকুর মাঝ রাতে ডুকরে কেঁদে ওঠে
সস্নেহে কাছে এগিয়ে গেলে-
জল ছলছল চোখে মাথা নত করে বলে:
খোদার কসম-
আমারো বাস কিংবা ট্রামের তলায় মাথা দিয়ে
খুব করে মরে যেতে ইচ্ছে করে।
এখন এই বৈশাখী রাতে ভয়াল তা-বের মুখে
বিষণ্নতার রোগে ভোগা বিপন্ন পৃথিবীর –
মানুষের ভোট ও ভাত চোর
মানুষের মত ও পথ চোর
মানুষের মন ও মগজ চোর
দেখে দেখে, মাইরি-
আমারো খুব করে মরে যেতে ইচ্ছে করে।
***
রেজাউল করিম শেখ
বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। জন্ম পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দিতে ১৯৯২ সালে। পৈতৃক নিবাস পাবনার বেড়া উপজেলার ঢালারচর।
প্রতিষ্ঠা করেছেন সমাজকল্যাণ সংস্থা ‘নপম’ ও শিক্ষা প্রতিষ্ঠান ‘শিখা একাডেমি’। সম্পাদনা করেন শিল্প-সাহিত্যের পত্রিকা ‘ফুলকি’।









