ভূতেরা আজও কেউ মরে ভূত হয়ে যায়নি। আমাদের মাছের বাজারে, টি ভির পর্দায়, ছেলেভুলোনো রাজনীতির মিছিলে, জাত-পাতের চাপানউতোরের মধ্যেই রয়ে গেছে আমাদের অতীতের ছায়া। আমাদের সম্মিলিত ভূত। তাদেরই কয়েকজনের সঙ্গে GloCal Charcha Public Culture-পাঠকদের পরিচয় করিয়ে দিচ্ছেন শিল্পী প্রসেনজিৎ বেরা ও সুমিত দাস । তাঁদের রং-রূপ-রেখায় চিনে নিন একুশের ভূতেদের। আজ ভূত চতুর্দশীর রাতে শুরু হল পাঁচ পর্বের নতুন এই সিরিজ।

মেছোভূত
কাঁটাতার ছুঁয়ে চলে আসে যেই জলের উজ্জ্বল শস্য,
এপারে-ওপারে উল্লাসে মাতে রাজনৈতিক পোষ্য।
ইলিশ পড়লে বাঙালির পাতে,
নেতাদের ভাল ঘুম হয় রাতে,
ভক্তি-মোদীত চক্ষু, তবু আনন্দ হলে হাসি না,
টাটকা ইলিশ দাম বাড়লেই বাসি না?

শাঁখচুন্নি
টি ভি-তে স-জোড়ে এলে কাটমানি, পুণ্যি।
বাংলা মিডিয়া জানে কে শাঁখচুন্নী।
ক্ষমতার ভূত যেই মাথা থেকে ছেড়ে যায়,
অশোভন সব কিছু, বাঁদরামি বেড়ে যায়।
ভোট এলে দলে দলে, শ্যাম রাখি, কূলও।
ফাইলে জমতে থাকে নারদার ধুলো।

স্কন্ধকাটা
বুদ্ধিজীবি, বিদ্বজ্জন, কোথায় লাগাও হাঁটা?
এসো তোমার মুখ দেখে যাও, ওহে স্কন্ধকাটা…
এই দেখো না আমার হাতে আস্ত একটা আয়না।
এসব দেখেও কমিটিতে থাকার জন্য বায়না!

ব্রহ্মদৈত্য
উঁচু-নিচু -লিচু, দাবি নেই কিছু,
তবু সংরক্ষণ চায় ব্রহ্মদত্যি,
পুরোনো ও ইতিহাস
কেন তোরা ঘেঁটে যাস,
আসলে এ দাবিটাই সবচেয়ে সত্যি

পেত্নী
প্রগতিবাদিনী ব’লে খুব খুব কেত নিই,
গ্লোক্যাল চর্চা তাই দেগে দিল ‘পেত্নী’!
সংসদে সং সাজা, কাছে এসে বসে রাজা।
পারিষদ্গণে দেয় গুণে গুণে কুর্নিশ…
নাম-যশ দুই’ই হলে
সংবাদ শুধু বলে,
“ফিসফিস! ফিসফিস!”

মামদো ভূত
মামদো ভূত দুই প্রকার। আমরা ও ওরা। তাই আজ ‘একুশের ভূতেরা’ সিরিজের শেষ নিবেদন, দু’টি ছড়া।
ওরা
রাম-লক্ষ্মণ বুকে আছে, করবে আমার কী?
এই দ্যাখো না মামদো ভূতও সঙ্গে এনেছি।
আমরা
মামদো ভূতের ছানা
ধরতে গোয়ালে দিই হানা,
কিন্তু বলতে আছে মানা।
তবু যেই গোয়ালে ঢুকি,
ঠিক ঘটবে ভুলচুকই,
আমি তখন বলি, “টুকি!
দুধেল গরু, দুধেল গরু, আরেকটু দাও দুধ,
আমাকে দাও আসল, আর আমাকে দাও সুদ।
কলকাতাতে নামিয়ে এনে শান্তিনিকেতন,
কথায় কথায় অঞ্জলি আর নামাজ হবেখ’ন।”

অরিন্দম লাহিড়ী
Arindam Lahiri is a postgraduate in Comparative Literature from Jadavpur University, and a copywriter by profession. He started his advertising career seven years ago at Ogilvy. Since then, Arindam has worked in major campaigns for brands like Anandabazar Patrika, Star Jalsha, Fevicol, Eno, Pantaloons, Asian Paints, Vodafone, Amazon and Tata Sky. He writes on politics and the culture industry.

প্রসেনজিৎ বেরা
সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়-এর প্রাক্তনী প্রসেনজিৎ বেরা দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন জগতের পরিচিত নাম। ভালোবাসেন ছবি তুলতে। বাংলা টাইপোগ্রাফি নিয়ে বিশেষ আগ্রহী। একাধিক বাংলা সিনেমার পোস্টারও বানিয়েছেন। লেখালেখিতেও হাত পাকিয়েছেন ভালই।

সুমিত দাস
কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে সুমিত দাস এখন এক বহুজাতিক বিজ্ঞাপন সংস্থায় কর্মরত। ভালবাসেন ছবি আঁকতে আর কবিতা পড়তে। কাজ করেছেন নামজাদা ইংরেজি ম্যাগাজিনে আর বেশ কিছু বিজ্ঞাপন সংস্থায়। তৈরি করেছেন বইয়ের প্রচ্ছদ। এখনও কয়েকটি ম্যাগাজিন অলঙ্করণের সঙ্গে নানাভাবে যুক্ত।









